দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার পরিচয় দিতে প্রস্তুত হচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা! কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে অংশ নিতে সারা দেশে সম্পন্ন হয়েছে প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম।
আনসার ও ভিডিপি সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ (পুরুষ) আয়োজন করা হচ্ছে। এ প্রশিক্ষণের জন্য ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সারা দেশের আনসার-ভিডিপি জেলা কার্যালয়ে একযোগে প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীদের ওজন ও উচ্চতা পরিমাপ এবং বর্ণান্ধতা পরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে গুগল ফর্মের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।
আগামী ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, বাহিনীর চারটি প্রশিক্ষণকেন্দ্রে একযোগে এ প্রশিক্ষণ শুরু হবে। কেন্দ্রগুলো হলো, আনসার-ভিডিপি একাডেমি, টিটিসি মানিকগঞ্জ, টিটিসি দিনাজপুর এবং টিটিসি পটিয়া, চট্টগ্রাম। প্রশিক্ষণ কার্যক্রম চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের প্রদান করা হবে প্রশিক্ষণ সনদপত্র। পাশাপাশি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ এবং প্রশিক্ষণ-পরবর্তী সময়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
AVMIS অ্যাপের TRGMS এবং AVjob Portal-এর মাধ্যমে আবেদনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী এবং প্রশিক্ষণ শেষে বিদেশে কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সদস্যদের এ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
ওয়েল্ডিং ৬জি একটি উন্নতমানের কারিগরি পদ্ধতি, যা শিল্পকারখানা, নির্মাণ ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আধুনিক ওয়েল্ডিং প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের উপযোগী দক্ষতা অর্জন করবেন। বিশেষ করে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা তাঁদের বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে সহায়ক হবে।
বাহিনীর সদস্যদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রশিক্ষিত সদস্যরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি পরিবার ও দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
“দক্ষতা অর্জন করি, আত্মনির্ভরশীল হই—সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।”