ক্রেতাদের কাছে নিরাপদ ও মানসম্মত লিফট পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: ইমদাদুর রহমান
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬’-এ অংশ নিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ও ম্যাট্রিক্স লিফটস লিমিটেড। এক্সপোর সমাপনী দিনে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও বেলিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং ম্যাট্রিক্স লিফটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমদাদুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) এক্সপোর শেষ দিনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও সাড়া পাওয়া যায়। গত দুই দিন বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও সমাপনী দিনে সকাল থেকেই মেলায় প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে।
ইমদাদুর রহমান বলেন, এটি বেলিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো। গত দুই দিন বৃষ্টির কারণে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সমাপনী দিনে সকাল থেকেই প্রচুর দর্শনার্থী আসছেন এবং তাঁদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি জানান, এবারের মেলায় সর্বোচ্চসংখ্যক বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বেলিয়ার পক্ষ থেকে এটি দ্বিতীয় আয়োজন। ২০২৪ সালে অ্যাসোসিয়েশন তথা বেলিয়ার উদ্যোগে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক এক্সপোর আয়োজন করা হয়। এবারের এক্সপোতে চারটি হলজুড়ে দেশি-বিদেশি প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ৩০টি বিদেশি এবং প্রায় ৩৮ থেকে ৪০টি বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে।
আগামী আয়োজন সম্পর্কে তিনি বলেন, বেলিয়ার পক্ষ থেকে ২০২৮ ও ২০৩০ সালে অনুষ্ঠেয় তৃতীয় ও চতুর্থ আন্তর্জাতিক এলিভেটর এক্সপোর তারিখও গতকাল ঘোষণা করা হয়েছে।
দেশবাসীকে আশ্বস্ত করে ইমদাদুর রহমান বলেন, উন্নত মানের ভার্টিকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম মানুষের কাছে পৌঁছে দিতে বেলিয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাঁচ বছর আগে প্রতিষ্ঠানের যাত্রা শুরুর দুই থেকে তিন বছরের মধ্যেই প্রথম আন্তর্জাতিক এক্সপোর আয়োজন করা হয়। এটি বেলিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক এক্সপো। এক্সপো অর্গানাইজিং কমিটির নিরলস প্রচেষ্টার ফলেই এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে। এ জন্য তিনি কমিটির সদস্যদের বিশেষ ধন্যবাদ জানান।
নিজের অভিজ্ঞতা ও বেলিয়ায় দায়িত্ব পালনের বিষয়ে ইমদাদুর রহমান বলেন, শুরু থেকেই তিনি পরপর দুই মেয়াদে বেলিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান কার্যনির্বাহী কমিটির (ইসি) প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং পুরো টিম গত দুই বছর নিরলস পরিশ্রম করে চমৎকার এই আয়োজন উপস্থাপন করেছেন। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বর্তমানে তিনি বেলিয়ার কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিশেষে তিনি বেলিয়া এবং এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। পাশাপাশি সম্ভাব্য ক্রেতাদের কাছে উন্নত, মানসম্মত ও নিরাপদ পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।