দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় ও বৃহত্তম সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। কার্যনির্বাহী কমিটির মোট ১৬টি পদের মধ্যে হানিফের প্যানেল ১৪টি পদেই বিজয়ী হয়েছে। অন্যদিকে, মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বে ‘টোয়াব অগ্রগামী ঐক্য জোট’ থেকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। সংগঠনের মোট ৪২৩ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ ভোটাররা ভোট দিয়ে ১৬ জন পরিচালক নির্বাচিত করেন এবং পরবর্তীতে সহযোগী ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে নবনির্বাচিত কমিটির শীর্ষ পদাধিকারী ও পরিচালকরা হলেন: সভাপতি:মোহাম্মদ হানিফ, প্রথম সহ-সভাপতি: সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি-১:মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি-২:জিয়াউর রহমান জাকির,অর্থ সম্পাদক (পরিচালক-অর্থ):জহির আহমেদ হেলাল, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক: মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক:মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক:মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক: মো. আবু রায়হান সরকার,প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক:নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক:সৈয়দ মো. ইমতিয়াজ,সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক:এ. বি. এম. জাকারিয়া (রাজিব)
সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক:** শাকাওয়াত হোসাইন,পরিচালক:মোহাম্মদ মহিউদ্দিন,পরিচালক (স্বতন্ত্র):মো. তামিম আহমেদ,পরিচালক:মো. নুরুল আনোয়ার।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। এছাড়া যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সক্রিয় ছিল তিন সদস্যের আপিল কমিশন।
পর্যটন খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), টিডাব, বিডি ইনবাউন্ড, ট্রিয়াবসহ দেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও টোয়াব সদস্যদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।