বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় গ্রেপ্তার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হন।
বুদু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং আইন সহায়ক কমিটির বর্তমান সদস্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহবুব উল আলম। আদালতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী, তপু নাসরিনসহ কয়েকজন আইনজীবী তার জামিন আবেদনের ওপর শুনানি করেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত রাত ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয় জনতার সহায়তায় মো. রবিউল ইসলাম বুদুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।