নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ ও ঐতিহাসিক স্থান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ ও ঐতিহাসিক স্থান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ প্রত্যক্ষ করার উদ্দেশ্যে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি নারায়ণগঞ্জের ঐতিহাসিক বোস কেবিনে চা পান করার পাশাপাশি সোনারগাঁয়ের পানাম নগরী ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন।
নারায়ণগঞ্জে পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হলে উৎসবের মনোরম সাজসজ্জা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা ছিল—বিশেষ করে এমন একটি স্থান, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।
সফরকালে আয়োজকদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান তিনি এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার হাতে মা দুর্গার একটি উপহার তুলে দেন।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া মণ্ডপের ঐতিহ্য ও নানা কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, কোষাধ্যক্ষ সানি সাহাসহ উদযাপন কমিটির অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
পূজামণ্ডপ পরিদর্শনের আগে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন রাষ্ট্রদূত। পরবর্তীকালে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন তিনি। সেখানে ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লী ঘুরে দেখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের ঐতিহাসিক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।