ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ কোচ। সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো: নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) জনাব সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকাসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানান। নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। উল্লেখ্য সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা- সিলেট -ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম- ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরনের এই সার্ভিস চালু করা হয়। সোমবার (২৫ মে) থেকে ঈদের পূর্বের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে।