• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে’: বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬
‘বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে’: বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

গণমাধ্যমকর্মীদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মার এক বিদায়ী সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে, ২০২৬) ঢাকাস্থ ‘ইন্ডিয়া হাউসে’ এই সংবর্ধনার আয়োজন করা হয়। আলাপচারিতা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ সময় কাটান হাইকমিশনার ও তার সহধর্মিণী।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ আমার সবচেয়ে প্রিয় কর্মস্থলগুলোর একটি হয়ে থাকবে। কারণ এখানে দায়িত্ব পালনকালে আমি এখানকার মানুষের কাছ থেকে যে উষ্ণ স্নেহ, আন্তরিকতা ও বন্ধুত্ব পেয়েছি, তা অতুলনীয়।”
তিনি আরও যোগ করেন, বাংলাদেশের মানুষের এই অনন্য ভালোবাসা ও বন্ধুত্বের কারণে এখানে কাটানো সময়টা তাদের জীবনের অন্যতম সেরা এবং আজীবন লালিত স্মৃতি হয়ে থাকবে। বিদায়ের এই ক্ষণে আবেগ প্রকাশ করে তিনি বলেন, “বিদায় বলবেন না, বরং বলুন ‘আবার দেখা হবে’।” ঢাকায় কাটানো এই চমৎকার ও সুন্দর স্মৃতিগুলো তারা সঙ্গে করে ব্রাসেলসে নিয়ে যাচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। চলতি মে মাসের শেষ সপ্তাহে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করতে ঢাকায় আসার কথা রয়েছে।