• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এস জয়শঙ্কর

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এস জয়শঙ্কর

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানান।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তোলাই বাংলাদেশের লক্ষ্য। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর এটিই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930