• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ: দু’দেশের গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ: দু’দেশের গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ সোমবার (১৩ এপ্রিল) তাঁর সচিবালয়স্থ দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

সাক্ষাৎকালে তাঁরা বন্ধুপ্রতিম দুই দেশের তথ্য ও সম্প্রচার খাতের নানাবিধ উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে উভয় দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণ এবং পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত করার লক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদের সফর বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ভারত সরকারের আইটেক (ITEC) কর্মসূচির আওতায় বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায়, অত্যন্ত শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়া, দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করতে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্র উৎসব আয়োজনের বিষয়েও সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে।সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।