৭০০-এর বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন, দেশজুড়ে ৫০০-এর অধিক প্রকল্পে নিয়মিত সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি: সিইও মো. আতিকুর রহমান খান
আন্তর্জাতিক মানের লিফট ও জেনারেটর সরবরাহের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CAPITAL Elevator & Engineering)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘বেলিয়া ২য় ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ অংশ নিয়ে দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।
২১ নভেম্বর ২০২৬, শনিবার মেলা চলাকালে এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. আতিকুর রহমান খান প্রতিষ্ঠানের কার্যক্রম, আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
মো. আতিকুর রহমান খান জানান, ২০০৯ সালে যাত্রা শুরু করা ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরে লিফট ও জেনারেটর সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে। লিফটের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি জার্মানির বিশ্বখ্যাত গ্লোরিয়া (Gloria) ব্র্যান্ডের বাংলাদেশের একমাত্র পরিবেশক বা সোল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। পাশাপাশি তুরস্ক ও চীন থেকে আমদানিকৃত আর্ক (Ark) এবং বহুল প্রচলিত ফুজি (Fuji) ব্র্যান্ডের লিফট সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী চীন ছাড়াও জার্মানি, কোরিয়া, জাপান ও তুরস্ক থেকে সরাসরি লিফট আমদানি করা হয়।
তিনি আরও জানান, জেনারেটরের ক্ষেত্রে ইতালির গ্রিন পাওয়ার (Green Power), পারকিন্স (Perkins), চীনের কামিন্স (Cummins) ও ল্যাম্বার্ড (Lombard) ব্র্যান্ডের জেনারেটর সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ১২০০ থেকে ১৫০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বড় আকারের জেনারেটর সরাসরি ইউরোপের ইতালি থেকে আমদানি করা হয়।
প্রতিষ্ঠানটির সাফল্যের চিত্র তুলে ধরে সিইও বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০০-এর বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বর্তমানে ৫০০-এর বেশি প্রকল্পে নিয়মিত সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। তাদের উল্লেখযোগ্য করপোরেট গ্রাহকদের মধ্যে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), সেভ দ্য চিলড্রেন, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপেক্স, উইন্ডি গ্রুপ, বেঙ্গল গ্রুপ ও সিম গ্রুপসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।
লিফট কেনার আগে ক্রেতাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার পরামর্শ দেন মো. আতিকুর রহমান খান। তিনি বলেন, প্রথমত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলমান অন্তত দুই থেকে তিনটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে সেখানকার গ্রাহকদের মতামত নিতে হবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানটির নিজস্ব অফিস পরিদর্শন করতে হবে। তৃতীয়ত, তাদের ওয়্যারহাউস ঘুরে দেখতে হবে। এসব বিষয় যাচাই করলে একটি প্রতিষ্ঠানের পণ্য সরবরাহের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা দেওয়ার সক্ষমতা সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
গ্রাহকসেবার বিষয়ে তিনি বলেন, ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেবার মান বজায় রাখতে কোনো ধরনের আপস করে না। প্রতিষ্ঠানে কোনো চুক্তিভিত্তিক বা কন্ট্রাক্ট বেস কর্মী নেই। বরং সারা দেশে নিজস্ব বেতনভুক্ত দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানদের সমন্বয়ে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকায় প্রধান কার্যালয় ও মেইনটেন্যান্স সেন্টার ছাড়াও টাঙ্গাইল, ফেনী, খুলনা ও রাজবাড়ীতে নিজস্ব সার্ভিস টিম কাজ করছে। আগামী মাসে পর্যটন নগরী কক্সবাজারেও নতুন অফিস ও বড় পরিসরে সার্ভিস টিম চালু করার পরিকল্পনা রয়েছে।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কর্মীরা প্রতিদিন দুটি শিফটে দায়িত্ব পালন করেন। সকাল ৬টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত পৃথক টিম কাজ করে। এ ছাড়া রাত ১২টার পর যেকোনো জরুরি প্রয়োজনে সেবা দিতে বিশেষ ইমার্জেন্সি টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকে।
এক্সপোতে দর্শনার্থীদের সাড়া প্রসঙ্গে মো. আতিকুর রহমান খান বলেন, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি সত্ত্বেও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি এবং পণ্য ও সেবা সম্পর্কে তাদের আগ্রহ ছিল সন্তোষজনক। এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি মেলা-পরবর্তী সময়েও মানসম্মত লিফট ও জেনারেটর সেবা পেতে আগ্রহী গ্রাহকদের ক্যাপিটাল এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান।