বাংলাদেশের ফায়ার সেফটি ও সিকিউরিটি খাতের উন্নয়ন এবং একটি নিরাপদ, স্মার্ট ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)-এর সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন মাহমুদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, স্পনসর, প্রদর্শক, আন্তর্জাতিক অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ইসাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এ সময় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাঈম উদ্দিন মাহমুদ বলেন, প্রধান অতিথির মূল্যবান উপস্থিতি এবং বিশেষ অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, দিকনির্দেশনা ও অব্যাহত সমর্থন বাংলাদেশের ফায়ার সেফটি ও সিকিউরিটি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসাবের পাশে থাকার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন সরকারি সংস্থা এবং শিল্পসংগঠনগুলোর প্রতিও তিনি বিশেষ ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক অংশগ্রহণকারী, স্পনসর ও প্রদর্শকদের উদ্দেশে তিনি বলেন, ইসাবের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তারা গর্বিত ও কৃতজ্ঞ। তাদের অংশগ্রহণ, বিনিয়োগ এবং আন্তরিক অঙ্গীকারের কারণেই এ প্রদর্শনী সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের ফায়ার সেফটি ও সিকিউরিটি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির পরিচিতি, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের পেছনে যারা পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসাবের সাধারণ সম্পাদক। এ সময় তিনি ইসাবের সদস্যবৃন্দ, সাপোর্টিং পার্টনার, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, ইভেন্ট ম্যানেজমেন্ট টিম এবং গণমাধ্যম প্রতিনিধিদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি একটি নিরাপদ, স্মার্ট ও আরও সুরক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।