ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে অতীতের সমস্ত খারাপ দৃষ্টান্ত পরিহার করে শতভাগ স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের প্রকৌশলীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার (ঢাকা সেন্টার) পদের ৫৬ নম্বর ব্যালটের প্রার্থী বিশিষ্ট সিনিয়র প্রকৌশলী মো: আবদুস সালাম খান।
বুধবার ৪ নভেম্বর আইইবি নির্বাচন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যুৎ বোর্ড ও ডেসার সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবদুস সালাম খান বলেন, “আমরা একটি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এবার সকলের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। অতীতে অনেকে ভোট দিতে পারেন নাই বলে অভিযোগ করেছেন। এবার আমরা আশ্বস্ত করছি—স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবে, যার ভোট সে দেবেন।”
নিজের দীর্ঘ ২৭ বছরের আন্তর্জাতিক কর্মসংস্থানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তিনি দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিতে (DEWA) কানেকশন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুবাই ওভারসিজ চ্যাপ্টার আইইবির চেয়ারম্যান এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে বিদেশে প্রবাসী প্রকৌশলীদের নেতৃত্ব দিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচনে নিজের ও হলুদ প্যানেলের মূল অঙ্গীকারসমূহ তুলে ধরেন:
আইইবির মর্যাদা ও ঐতিহ্য পুনরুদ্ধার: অতীতের সুনাম ও গৌরব ফিরিয়ে এনে আইইবিকে দেশ ও জাতির উন্নয়নে একটি আদর্শ গতিশীল পেশাজীবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করানো।
নবীন প্রকৌশলীদের কর্মসংস্থান: তরুণ ও নবীন প্রকৌশলীদের কর্মসংস্থানের অভাব দূর করে তাদের প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তোলা।
পেশাগত অধিকার ও মূল্যায়ন: যেসকল প্রকৌশলী যথাযথ পদোন্নতি ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের পদোন্নতি ও মর্যাদা নিশ্চিতকরণে প্রশাসনিক সংস্কার সাধন করা।
নবায়নযোগ্য শক্তি ও সোলার প্রযুক্তির প্রসারে সহায়তা: দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে ব্যয়বহুল ফুয়েলের বিকল্প হিসেবে সোলার বিদ্যুতের প্রসারে সরকারের প্রযুক্তিভিত্তিক অগ্রযাত্রায় আইইবির পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখা।
তিনি আইইবির মোট ৩৫,০০০ প্রকৌশলী ভোটারকে নির্ভয়ে ও স্বাধীনভাবে কেন্দ্রে এসে ভোট প্রদানের এবং প্রযুক্তিভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে হলুদ প্যানেলকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।