• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অগ্নিনিরাপত্তা ও বিক্রয়োত্তর সেবায় গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের সাফল্য: প্রকৌশলী তারিকুল আরাফাত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
অগ্নিনিরাপত্তা ও বিক্রয়োত্তর সেবায় গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের সাফল্য: প্রকৌশলী তারিকুল আরাফাত

দেশের শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস খাতে আধুনিক অগ্নিনিরাপত্তা, সিকিউরিটি এবং প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে সুনাম অর্জন করেছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। উন্নত মানের পণ্য সরবরাহের পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (IFSSE) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’-এ প্রতিষ্ঠানটির স্টলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এশিয়ান টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো।

সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি অগ্নিনিরাপত্তা খাতে কাজ করে আসছে। শুরু থেকেই ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডোর এবং প্যাসিভ ফায়ার প্রোটেকশনসহ অগ্নিনিরাপত্তার পূর্ণাঙ্গ সমাধান দিয়ে আসছে তারা। পাশাপাশি সার্ভেইল্যান্স সিস্টেম, পিএ (PA) সিস্টেম, সাইবার সিকিউরিটি, অনলাইন ইউপিএস (UPS), সোলার এনার্জি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে অগ্নিনিরাপত্তা বিষয়ে মানুষের সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে উল্লেখ করে প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, আগে অনেক ভবন ও শিল্পকারখানায় অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বর্তমানে উদ্যোক্তারা অনেক বেশি সচেতন হচ্ছেন এবং মানসম্মত ফায়ার সেফটি পণ্য ব্যবহারে আগ্রহী হচ্ছেন। তবে শুধু পণ্য স্থাপন করলেই হবে না, দুর্ঘটনার সময় যেন সেগুলো সঠিকভাবে কাজ করে, সেটিও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে বড় শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানায় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার রেকর্ড সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য ও ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করা সম্ভব হয়। তাই উন্নতমানের পণ্য স্থাপনের পাশাপাশি নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার ওপর তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

বিক্রয়োত্তর সেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, পণ্যের সঙ্গে সেবাও দিয়ে থাকি। কোনো প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করার পর নিয়মিত মনিটরিং ও মাসিক সার্ভিসিং নিশ্চিত করি। এ কারণেই অনেক গ্রাহকের সঙ্গে পাঁচ, ছয়, সাত এমনকি ১০ বছর পরও আমাদের সুসম্পর্ক বজায় রয়েছে।”

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য গ্রাহকদের বিষয়ে তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্বনামধন্য গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। এর মধ্যে রয়েছে ফোর এইচ গ্রুপ (4H Group), মাস ইনটিমেটস (MAS Intimates), এসকেডি ইন্টারন্যাশনাল (SKD International), ডেলমাস (Delmas), সিজার অ্যাপারেলস লিমিটেড (Caesar Apparels Ltd.), আজিম গ্রুপ, ফকির অ্যাপারেলস লিমিটেড, ডিবিএল গ্রুপ (DBL Group) এবং পলমল গ্রুপ।

তিনি বলেন, ফোর এইচ গ্রুপের সঙ্গে ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া অন্যান্য বড় শিল্পপ্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের ফায়ার সেফটি ও সিকিউরিটি সেবা দিয়ে আসছে তারা।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ প্রসঙ্গে প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, গার্মেন্টস শিল্পে অ্যাকর্ড (Accord) ও অ্যালায়েন্সের (Alliance) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থার চাহিদা পূরণে তারা কাজ করেন। এ ক্ষেত্রে শুধু যন্ত্রপাতি স্থাপন নয়, সেগুলোর সঠিক উপস্থাপন, পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে দক্ষ জনবল ও প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা।

তিনি আরও জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫০ জনের বেশি কর্মী কাজ করছেন। এর মধ্যে সেবার মান নিশ্চিত করতে রয়েছেন ১২০ জন দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান। তাদের মাধ্যমে গ্রাহকদের নিয়মিত কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ সেবা দেওয়া হচ্ছে।

মেলা শেষে আগ্রহী গ্রাহকদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, মেলায় অনেক দর্শনার্থী ও উদ্যোক্তা তাদের ভিজিটিং কার্ড দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সেবা গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। মেলা শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও বাণিজ্যিক সহযোগিতা প্রদান করবেন।

প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মানসম্মত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই এশিয়ান টেকনোলজি লিমিটেড ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930