• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় বাংলাদেশের ফার্নিচার শিল্পকে বিশ্বমানে নিয়ে যেতে চায় ডব্লিউটিএস: এহসানুল হক মো. শামীম

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় বাংলাদেশের ফার্নিচার শিল্পকে বিশ্বমানে নিয়ে যেতে চায় ডব্লিউটিএস: এহসানুল হক মো. শামীম

রাজীব দে:

ঢাকার পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ইনটেক্স এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার মেশিনারিজ প্রতিষ্ঠান ডব্লিউটিএস (WTS)। শনিবার (২১ নভেম্বর) মেলায় প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এহসানুল হক মো. শামীম গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের দীর্ঘ ২৩ বছরের পথচলা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
সাক্ষাৎকারে এহসানুল হক মো. শামীম বলেন, “ডব্লিউটিএস এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২৩ বছর বা দুই যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছে। আমাদের প্রতিষ্ঠানের সিইও জনাব নাঈমুল হাসান খান প্রথম থেকেই দেশের উড-ওয়ার্কিং (কাঠশিল্প) খাতের উন্নয়ন নিয়ে কাজ করছেন। বাংলাদেশে প্রথম আমাদের হাত ধরেই নকশা করার আধুনিক সিএনসি রাউটার মেশিন এসেছে। বর্তমানে দেশের শীর্ষ ১০টি ফার্নিচার ব্র্যান্ড ও অসংখ্য ইন্টেরিয়র ফার্মে ডব্লিউটিএস-এর মেশিন ব্যবহৃত হচ্ছে।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সিইও নাঈমুল হাসান খান কেবল ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং দেশের কাঠশিল্পকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে উচ্চপর্যায়ের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।
প্রযুক্তিগত পিছিয়ে পড়া কাটিয়ে ওঠার বিষয়ে সিএমও বলেন, “প্রযুক্তির দিক থেকে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে প্রায় ২০ বছর পিছিয়ে আছি। মফস্বল ও জেলা শহরগুলোতে এখনো সনাতন পদ্ধতিতে হাতে কাজ করায় সময় বেশি লাগে এবং ফিনিশিং ভালো হয় না। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে কাজের সময় কমিয়ে উন্নতমানের পণ্য উৎপাদন করা যায়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের লক্ষ্য কর্মী ছাঁটাই নয়, বরং প্রযুক্তির সহায়তায় উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থান বাড়ানো। একজন উদ্যোক্তা যদি মাসে ১০০টি পণ্য তৈরি করেন, আমরা তাকে এমন প্রযুক্তি ও পরিকল্পনা দিই যাতে তিনি ৫০০টি পণ্য তৈরি করতে পারেন।”

পণ্য ও সেবার পরিধি তুলে ধরে তিনি বলেন, “একটি গাছ কাটার ‘স-মিল’ থেকে শুরু করে স্লাইস করা, শেপিং, জয়েন্টিং, সারফেসিং, প্রোফাইল এজ বেন্ডিং এবং ফিনিশিং—অর্থাৎ ফার্নিচার ও ইন্টেরিয়র (কিচেন ক্যাবিনেট, দরজা-জানালা, বোর্ড) তৈরির সম্পূর্ণ ওয়ান-স্টপ সলিউশন আমাদের কাছে রয়েছে। চায়না থেকে মেশিন আমদানির পাশাপাশি বর্তমানে আমরা দেশেই মেশিন ম্যানুফ্যাকচারিং ও বাজারজাত করছি, যার মান ও ফিনিশিং বিদেশি পণ্যের চেয়েও ভালো। এর ফলে দেশের অর্থ দেশেই থাকছে।”
বর্তমানে নাবানা, হাতিল, অটবি, পারটেক্সসহ দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ফার্নিচার প্রতিষ্ঠান ডব্লিউটিএস-এর গ্রাহক। এছাড়াও আকিজ এবং বিএমটিএফ-এর মতো বড় প্রতিষ্ঠানের প্রজেক্টেও প্রতিষ্ঠানটি কাজ করেছে।

বিক্রয়োত্তর সেবা ও ডিজিটাল সাপোর্ট প্রসঙ্গে এহসানুল হক মো. শামীম বলেন, “গ্রাহকসেবা ও পণ্যের মানের ক্ষেত্রে আমরা কোনো আপস করি না। আমাদের রয়েছে দেশের সবচেয়ে বড় সার্ভিস টিম এবং নিজস্ব মোবাইল অ্যাপ। দেশের যেকোনো প্রান্ত থেকে কোনো গ্রাহক অ্যাপে মেশিনের সমস্যার কথা জানালে, সরাসরি আমাদের হেড অফিসের মনিটরে সিগন্যাল চলে আসে এবং আমাদের ইঞ্জিনিয়াররা তাৎক্ষণিক সমাধান দেন। এমনকি প্রয়োজনে রিপ্লেসমেন্ট সুবিধাও দেওয়া হয়।”

প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, মেলা উপলক্ষে অনেক ক্রেতা সরাসরি আসতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে বুকিং দিচ্ছেন। ভবিষ্যতেও গুণগত মান বজায় রেখে দেশের ফার্নিচার শিল্পকে বিশ্বমানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930