• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে গমন করে। অতঃপর গত ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০০১৫ ঘটিকায় কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার (স্বামী ডাঃ ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) এর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ উক্ত পর্যটকবাহী জাহাজে গমন করে। অতঃপর মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সকলে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য যে, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। উক্ত এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।