• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

বিসিএমইএ প্রতিনিধিদলের সাথে গভর্নরের সাক্ষাৎ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
বিসিএমইএ প্রতিনিধিদলের সাথে গভর্নরের সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সাথে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ)-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক ভবনে ।

সাক্ষাৎকালে বিসিএমইএ প্রতিনিধিরা দেশের সিরামিক শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তারা উল্লেখ করেন যে, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সিরামিক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এ খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি খাতটির বিকাশে আরও বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বিসিএমইএ প্রেসিডেন্ট গভর্নরের নিকট শিল্পখাতের আর্থিক সহায়তার জন্য দেশে একটি বিশেষায়িত শিল্প ব্যাংক স্থাপনের অনুরোধ জানান।

এ সময় গভর্নর সিরামিক শিল্পের সার্বিক উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকৃষ্টকরণ এবং খাতটির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। গভর্নর মহোদয় বলেন, দেশের সিরামিক শিল্পখাতকে আরও শক্তিশালী করা এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গভর্নর সিরামিক শিল্পখাতের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে যেসব শিল্পকারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় সচল করতে সরকার অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

সাক্ষাৎকালে বিসিএমইএ প্রতিনিধিরা দেশের সিরামিক শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাক্ষাত অনুষ্ঠানে বিসিএমইএ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ এফসিএমএ ও আবদুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশেদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী ও মোঃ জিয়াউল হক জিকো।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930