• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ-এর সাথে তাঁর কার্যালয়ে আজ ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশে নিযুক্ত জার্মানির মান্যবর রাষ্ট্রদূত ড. রউডিগার লটজ (Ambassador Dr. Rüdiger Lotz) এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

সাক্ষাৎকালে গভর্নর রাষ্ট্রদূতকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক গতিপ্রকৃতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিবেশ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পরবর্তী বিশ্বের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। গভর্নর ইউরোপীয় বাজারে বাংলাদেশের রপ্তানি পরিধি আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মূলধন স্থানান্তর এবং পেমেন্টে বিলম্বসহ কিছু কার্যক্রমগত বিষয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে গভর্নর এসব প্রশাসনিক ও ব্যাংকিং প্রক্রিয়া দ্রুততর এবং কার্যকরভাবে সমাধানের বিষয়ে দৃঢ় আশ্বাস প্রদান করেন।

বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, জিএসপি প্লাস (GSP+) সুবিধা প্রাপ্তি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির উচ্চমান ও নির্ভরযোগ্যতার ভূয়সী প্রশংসা করেন।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং জার্মানিকে
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরও শক্তিশালী ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে প্রেরণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পরিশেষে, গভর্নর মহোদয় রাষ্ট্রদূতকে তাঁর ফলপ্রসূ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930