পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক ফলাফলে বিজেপি-র বড় জয়জয়কারের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) এক ভাষণে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় হয়েছে এবং রাজ্যটি ভয়মুক্ত হয়ে আত্মবিশ্বাস ও উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে।
প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে পশ্চিমবঙ্গের এই সাফল্যকে সাধারণ মানুষের জয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। এই পবিত্র ভূমিতে পরিবর্তনের হাওয়া বইছে।”
ভাষণে প্রধানমন্ত্রী বিশেষভাবে নারীশক্তির ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নারীরা যথাক্রমে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে-কে তাদের কর্মকাণ্ডের জন্য ব্যালটের মাধ্যমে শাস্তি দিয়েছে। মোদি বলেন, “আমি আগেই বলেছিলাম, যারা নারী সংরক্ষণ বা মা-বোনদের স্বার্থের বিরোধিতা করবে, তাদের নারীশক্তির রোষানলে পড়তে হবে। আজ কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে সেই পরিণতিরই মুখোমুখি হয়েছে।”
কেরালা ও উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী কড়া বার্তা দেন। তিনি বলেন, কেরালায় বামপন্থীদের শাসনের সুযোগ নিয়ে কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও আগামীতে সেখানকার নারীরা তাদের উচিত শিক্ষা দেবে। একইভাবে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা মা-বোনদের যে ক্ষোভের মুখে পড়েছে, সেই পাপ কোনোভাবেই ঢাকা সম্ভব নয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি বড় ব্যবধানে জয়লাভের পথে রয়েছে, যা ভারতের জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।