• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নৌকা বাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে দেশের মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ উৎসবের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

নিতাই রায় চৌধুরী বলেন, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নৌকা বাইচের গভীর সম্পর্ক রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ধরনের ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, মধুমতী নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতী নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকেও অনেকে এ আয়োজন দেখতে আসেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930