• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৬
খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম আজ বুধবার (১৭ জুন ২০২৬) খুলনায় অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করেন। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজের নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পরিদর্শনকালে মাননীয় উপদেষ্টা খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা শিল্পখাতে খুলনা শিপইয়ার্ড লিমিটেড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।” এ সময় তিনি দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানের অবদান এবং এর পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ইয়ার্ডের বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান এবং কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করা হয়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে খুলনা শিপইয়ার্ডের কর্মপরিকল্পনায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে মাননীয় উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা, যেমন— প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা এবং বিদ্যুৎ শপ পরিদর্শন করেন। এ সময় তাঁকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শন শেষে তিনি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031