প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি। বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বুধবার (২২ মে) বিকাল ৩টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের শুভ উদ্বোধনকালে একথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোন হজযাত্রী যেন প্রতারিত না হন, হজ হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
বঙ্গবন্ধু সবসময় সিলেটের প্রশংসা করতেন এবং সিলেটের মানুষকে ভালোবাসতেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটের জন্য এ কারণেই খুবই আন্তরিক। এজন্য তিনি সিলেটে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। এছাড়াও, বিমানবন্দরের আরও উন্নয়নে নানামুখি কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
এসময় প্রতিমন্ত্রী নানা ধরণের সংকট, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ যেন রক্ষা পায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নয়নের পথে আরও এগিয়ে যায় এ দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহবান জানান।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে ও কর্মকর্তা রওশন হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম, হাব সিলেট জোনের সভাপতি জহিরুল কবীর চৌধুরী শিরু, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন খাজা হজ উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা খাজা মঈনউদ্দিন আহমদ জালালাবাদী।