অগ্নিনিরাপত্তা ও সিকিউরিটি খাতে ১৩ বছরের অভিজ্ঞতা, সেবায় নিয়োজিত ১২০ প্রকৌশলী ও টেকনিশিয়ান
দেশের শিল্পপ্রতিষ্ঠান ও তৈরি পোশাক খাতে আধুনিক অগ্নিনিরাপত্তা, সিকিউরিটি এবং প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান দিয়ে সুনাম অর্জন করেছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। উন্নতমানের পণ্য সরবরাহের পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’-এ প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এশিয়ান টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো।
সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৩ সাল থেকে অগ্নিনিরাপত্তা খাতে কাজ করছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। শুরু থেকেই ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডোর ও প্যাসিভ ফায়ার প্রোটেকশনসহ অগ্নিনিরাপত্তার পূর্ণাঙ্গ সমাধান দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সার্ভেইল্যান্স সিস্টেম, পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেম, সাইবার সিকিউরিটি, অনলাইন ইউপিএস (UPS), সোলার এনার্জি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়েও কাজ করছে তারা।
দেশে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে উল্লেখ করে প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, আগে অনেক ভবন ও শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। বর্তমানে উদ্যোক্তারা এ বিষয়ে অনেক বেশি সচেতন হচ্ছেন এবং মানসম্মত ফায়ার সেফটি পণ্য ব্যবহারে আগ্রহী হচ্ছেন। তবে শুধু পণ্য স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না; জরুরি পরিস্থিতিতে সেগুলো যেন যথাযথভাবে কাজ করে, তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বিশেষ করে বড় শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানায় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এসব ফুটেজের মাধ্যমে প্রকৃত কারণ শনাক্ত করা সহজ হয়। এ কারণে উন্নতমানের পণ্য স্থাপনের পাশাপাশি সঠিক মনিটরিং ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিক্রয়োত্তর সেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, পণ্যের সঙ্গে সেবাও দিয়ে থাকি। কোনো প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের পর নিয়মিত মনিটরিং ও মাসিক সার্ভিসিং নিশ্চিত করি। এ কারণেই অনেক গ্রাহকের সঙ্গে পাঁচ, ছয়, সাত এমনকি ১০ বছর পরও আমাদের সুসম্পর্ক বজায় রয়েছে।”
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য গ্রাহকদের বিষয়ে তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্বনামধন্য গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। এর মধ্যে রয়েছে ফোর এইচ গ্রুপ (4H Group), মাস ইনটিমেটস (MAS Intimates), এসকেডি ইন্টারন্যাশনাল (SKD International), ডেলমাস (Delmas), সিজার অ্যাপারেলস লিমিটেড (Caesar Apparels Ltd.), আজিম গ্রুপ, ফকির অ্যাপারেলস লিমিটেড, ডিবিএল গ্রুপ (DBL Group) এবং পলমল গ্রুপ।
তিনি বলেন, ফোর এইচ গ্রুপের সঙ্গে ২০১৪ সাল থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া দেশের অন্যান্য বড় শিল্পপ্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের ফায়ার সেফটি ও সিকিউরিটি সেবা দিয়ে আসছে তারা।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়ে প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, গার্মেন্টস শিল্পে অ্যাকর্ড (Accord) ও অ্যালায়েন্সের (Alliance) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে তারা কাজ করেন। এ ক্ষেত্রে শুধু যন্ত্রপাতি স্থাপন নয়, সঠিকভাবে স্থাপন, পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির রয়েছে দক্ষ জনবল ও প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা।
জনবল ও কারিগরি সক্ষমতা সম্পর্কে তিনি জানান, বর্তমানে এশিয়ান টেকনোলজি লিমিটেডে ১৫০ জনের বেশি কর্মী কাজ করছেন। এর মধ্যে গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন ১২০ জন দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান। তাঁদের মাধ্যমে গ্রাহকদের নিয়মিত কারিগরি সহায়তা, মনিটরিং ও রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করা হচ্ছে।
মেলা শেষে আগ্রহী গ্রাহকদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, এবারের মেলায় অনেক দর্শনার্থী ও উদ্যোক্তা তাঁদের ভিজিটিং কার্ড দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সেবা গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। মেলা শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি ও বাণিজ্যিক সহযোগিতা প্রদান করবেন।
প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মানসম্মত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দক্ষ জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবার মাধ্যমে দেশের শিল্পখাতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে এশিয়ান টেকনোলজি লিমিটেড।এ সময় প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।