সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে হস্তান্তরের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। গত মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত আইনি ও প্রশাসনিক কার্যপ্রণালি (Established Procedures) অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার সাম্প্রতিক বৈঠকেও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপিত হয়েছিল।
অন্যদিকে, শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের হেফাজতে থাকা দুই আসামির বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে জয়সওয়াল জানান, এটি একটি ‘আইনি বিষয়’ এবং বর্তমানে এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একই ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি পুনরুল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।