• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ : সংস্কৃতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ : সংস্কৃতিমন্ত্রী

সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে নাচ, গান, কবিতা ও শ্রুতিনাট্যের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহাসিক বকুলতলায় সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘রক্তকরবী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আয়োজকদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার সমন্বয়েই বৃহৎ অর্জনের পথ তৈরি হয়। আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। সমুদ্রের ঢেউ যেমন বেলাভূমিতে আছড়ে পড়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে, আজকের এই আয়োজনও তেমনি তাঁর মনকে গভীরভাবে আন্দোলিত করেছে। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে বোবা।

তিনি বলেন, আমাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্ব জীবনধারা। কৃষক ও মেহনতি মানুষের ঘামে ভেজা নদীমাতৃক এই বাংলা হাজারো বৈচিত্র্যে ভরপুর। এ দেশের মাটি, মানুষ, প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।

ঐতিহাসিক স্মৃতিচারণ করে মন্ত্রী ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করেন। তিনি সেই সময়ে ছাত্র সংগ্রাম পরিষদে তাঁর ভূমিকার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ঐতিহাসিক পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসমাজ সব সময় দেশের অধিকার, গণতন্ত্র ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।

রক্তকরবীর শিল্পীদের নান্দনিক পরিবেশনা ও মনোমুগ্ধকর উপস্থাপনার প্রশংসা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তাঁদের পরিবেশনায় ক্ষুদ্র উদ্যোগের মধ্যেও বৃহৎ সৃষ্টির সম্ভাবনা প্রতিফলিত হয়েছে।

বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর বিশালতা অনুভব করা যায়, তেমনি একটি সাংস্কৃতিক সংগঠনের সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যেও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সমাজের স্বপ্ন ও সম্ভাবনা নিহিত থাকে। রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা সেই সম্ভাবনারই পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির চর্চা মানুষের মধ্যে মননশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে।

মন্ত্রী রক্তকরবীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, সংগঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, রক্তকরবী তার সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্পচর্চার মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

অনুষ্ঠানের শুরুতে ‘সমারোহে এসে হে’ শীর্ষক উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা। দিনব্যাপী আয়োজনে ছিল দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, কবিতা পাঠ, শ্রুতিনাট্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930