পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন
পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শুধু পবিত্র কোরআন আরবিতে তিলাওয়াত করলেই হবে না, এর অর্থ ও মর্মবাণী অনুধাবন করে জীবনে ধারণ করতে হবে। একইভাবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রেখে যাওয়া সুন্নাহ ও হাদিসের শিক্ষাও আত্মস্থ করতে হবে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী ও টেকসই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে ৭ম বারের মত শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে বিভিন্ন প্রদর্শনী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চসিক প্রশাসক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। পবিত্র আল কোরআনের বাণী ও এর নৈতিক শিক্ষাকে ধারণ করে নিজেদের জীবন পরিচালনা করার পাশাপাশি সমাজের অন্যদের মধ্যেও এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করা সম্ভব।
তিনি বলেন, বর্তমানে সমাজে বিভিন্ন ধরনের নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ইয়াবাসহ মাদকের বিস্তার উদ্বেগজনক। এসব সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে শিশুদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, পাশাপাশি তাদের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য বোঝার সক্ষমতা তৈরি করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, যারা আজ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। তবে যারা কোনো কারণে আজ পুরস্কার অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের মধ্যেই নিজস্ব মেধা ও প্রতিভা রয়েছে। অধ্যবসায়, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের মাধ্যমে আগামীতে তারাও নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। জীবনে সফল হতে হলে প্রতিযোগিতার পাশাপাশি জ্ঞান অর্জন, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ কার্যক্রমকে আরও উৎসাহিত ও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে সিডিএ আবাসিক এলাকায় একটি স্থায়ী মাদ্রাসা ভবন নির্মাণের জন্য মাদ্রাসার পক্ষ থেকে জায়গা বরাদ্দের আবেদন জানানো হলে সিডিএ কর্তৃপক্ষের কাছে ডিও লেটারের মাধ্যমে জায়গা বরাদ্দে সহযোগিতার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য তরিকুল ইসলাম তানভীর সহ বৃহত্তর আগ্রাবাদের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন, মাদ্রাসার সম্মানিত অভিভাবক, শুভানুধ্যায়ী ও মহিব্বিনবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।