• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশিষ্ট অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জয় চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে এবারের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়ায় ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়।

সভাপতি পদ:শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদ:জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের দ্বিবার্ষিক নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল—আরমান–মুক্তি পরিষদ’ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ’ এর মধ্যে। বিগত কয়েক সপ্তাহ ধরে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএফডিসি প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু হয়।

আগামী দুই বছরের জন্য দায়িত্ব পাওয়া এই নতুন নেতৃত্বের কাছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা অনেক। নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীর হাত ধরে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রমের বিস্তার এবং দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ ভোটার ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31