• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘শিল্পীজীবনের সবচেয়ে আবেগঘন প্রাপ্তি’: চ্যানেল আই থেকে সোনার কলস পেয়ে আপ্লুত অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২৬
‘শিল্পীজীবনের সবচেয়ে আবেগঘন প্রাপ্তি’: চ্যানেল আই থেকে সোনার কলস পেয়ে আপ্লুত অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তাঁর দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তবে এবার তাঁর জীবনে যুক্ত হলো এক অবিস্মরণীয় ও ব্যতিক্রমী প্রাপ্তি। দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম প্রতিষ্ঠান ‘চ্যানেল আই’ এবং এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছ থেকে ভালোবাসার স্মারক হিসেবে একটি ‘সোনার কলস’ উপহার পেয়েছেন এই অভিনেত্রী। আকস্মিক এই বিশেষ সম্মাননায় আবেগ ধরে রাখতে পারেননি ঢালিউডের এই কুইন।
বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসে অপু বিশ্বাস এই আনন্দের খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন। উপহারটিকে তাঁর শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন:
“শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। কিন্তু জীবনে এমন একটি দিন আসবে, এমন সম্মান আমার জন্য অপেক্ষা করে থাকবে—কোনোদিন কল্পনাও করিনি। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি সোনার কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে।”

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী জানান, মঙ্গলবার বিকেলে তিনি যখন জিম করছিলেন, তখন হঠাৎ চ্যানেল আইয়ের চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের ফোন পান। জরুরি কাজের কথা বলে তাঁকে দ্রুত তেজগাঁওস্থ চ্যানেল আই অফিসে আসতে বলা হয়। কিসের জন্য ডাকা হয়েছে তা না জেনেই তড়িঘড়ি করে বসুন্ধরার বাসা থেকে চ্যানেল আই কার্যালয়ে ছোটেন তিনি।

সেখানকার অভিজ্ঞতা জানিয়ে অপু বলেন, অফিসে ঢুকেই পরিবেশ এবং সবার হাসিমুখ দেখে তাঁর মনে হয়েছিল বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। হঠাৎ তিনি দেখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে একটি সোনার কলস, যা তাঁর জন্যই তৈরি। এই চমক দেখে তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ (স্পিচলেস) হয়ে যান এবং চোখের জল লুকানোর চেষ্টা করেন।

চ্যানেল আই ও ফরিদুর রেজা সাগরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন: “চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; এটি শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছে অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় ও পেশাগত নানা ক্ষেত্রে তাঁকে সবসময় পাশে পেয়েছি। সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে, কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি।”

জানা গেছে, সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ আয়োজনে ফরিদুর রেজা সাগর এই অভিনেত্রীর হাতে সোনার কলসটি তুলে দেন। এই ব্যতিক্রমী উপহারের পেছনে জড়িয়ে রয়েছে অপু বিশ্বাসের একটি ব্যক্তিগত ইচ্ছার গল্প, যা এই আয়োজনের মধ্য দিয়ে চমৎকার এক পরিণতি পেল।

পরিবার, দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসা ও আশীর্বাদকে পাথেয় করে আগামীতেও ঢালিউডে নিজের পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তারকা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031