রাজীব দে:
রাজধানীর সেগুনবাগিচাস্থিত কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৬’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও ‘সোহাগ ড্যান্স ট্রুপ’-এর প্রতিষ্ঠাতা ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনা ও আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই বৃহৎ নৃত্য প্রতিযোগিতা। তিন দিনব্যাপী প্রতিযোগিতাটি চলবে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের ৬৪ জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক উদীয়মান শিশু-কিশোর নৃত্যশিল্পী এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তৃণমূল পর্যায়ে সুযোগ ও সঠিক প্ল্যাটফর্মের অভাবে যেসব প্রতিভাবান শিশু তাদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
প্রতিযোগিতার প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হওয়া বিভিন্ন পর্বে সৃজনশীল, ওডিসি, গৌড়ীয় ও কুচিপুরি নৃত্যশৈলীর ওপর ক, খ, গ ও ঘ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অন-স্পট নিবন্ধনেরও সুযোগ রাখা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার পরবর্তী দিনগুলোতে লোকনৃত্য, চলচ্চিত্রের গান এবং আন্তর্জাতিক বিভিন্ন নৃত্য ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দেশের খ্যাতিমান তারকা, নৃত্যশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক ও নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস, চ্যানেল আইয়ের ‘টপ পারফরমার’ মোহনা মীম, নৃত্যশিল্পী রাখীসহ দেশ-বিদেশের নৃত্য পরিচালকদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। তারা প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিভাবান শিশু-কিশোরদের নৃত্যচর্চায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।
আয়োজক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ বলেন, “আমাদের দেশজুড়ে অনেক প্রতিভাবান শিশু রয়েছে, যারা সঠিক প্ল্যাটফর্মের অভাবে ঝরে পড়ে। এখান থেকে যারা বিজয়ী ও চ্যাম্পিয়ন হবে, তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের সঙ্গে কাজ করার এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মধ্যে সুস্থ সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া এবং নৃত্যকে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরিতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা প্রয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৬’ দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোর নৃত্যশিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্যশিল্পকে আরও পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।