• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সৎ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সৎ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর


A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। রংপুর জেলা পরিষদের আয়োজনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বিকাল ১৭.০০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম।

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর শুভেচ্ছা বক্তব্যে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই শুধু ভালো ফলাফল নয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা, সততা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে তাদের সাফল্যের স্বীকৃতি পাওয়ায় আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর।