জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে “ফিজিওথেরাপিস্ট ” পদের শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধন এর দাবিতে আগামী ১৩.০৫.২০২৫, রোজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ ফিজিক্যালথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর আহবানে বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস), বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু) সাধারণ পেশাজীবীরা এবং শিক্ষার্থীদের নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এবিষয়ে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি। বিশ্বব্যাপী এই চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট এর নিয়োগ হচ্ছে না।বাংলাদেশে বিদ্যমান বাংলাদেশ রিহ্যাবিলিটেশন আইন -২০১৮ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক কারিকুলাম অনুযায়ী বাংলাদেশ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের “ব্যাচেলর অব ফিজিওথেরাপি/ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি” ডিগ্রি ০৫ বছর মেয়াদী এবং উক্ত ডিগ্রিধারীরাই কেবলমাত্র ফিজিওথেরাপিস্ট এর বাইরে ফিজিওথেরাপিস্ট হওয়ার কোন সুযোগ নেই । কিন্তু খুবই পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদের সার্কুলার হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেটা ফিজিওথেরাপিস্ট এর শিক্ষাগত যোগ্যতা নয়। অপরপক্ষে বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট পদের জন্য নবম গ্রেডের বিদ্যমান পদ ছিল এবং বর্তমানে রয়েছে সেখানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিজিওথেরাপিস্ট এর ১২ তম গ্রেড নির্ধারণ করা হয়েছে যেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এই সার্কুলার ফিজিওথেরাপি পেশাজীবীদের সংক্ষুব্ধ করছে। এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা ব্যবস্থা সর্বসাধারণের জন্য নিশ্চিত করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। ফিজিওথেরাপি পেশাজীবী ও শিক্ষার্থীরা অনতিবিলম্বে ফিজিওথেরাপিস্ট এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবি জানাচ্ছে, তা না হলে এ বিষয়ে আরো কঠোর কর্মসূচি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় সংগঠনের প্রতিনিধিরা বলেন মানববন্ধন শেষে জাতীয় মানসিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মহোদয়ের কার্যালয়ে “ফিজিওথেরাপিস্ট ” পদের নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধন এর দাবিতে স্মারকলিপি দেওয়া হবে ।