• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিপিএমইএ-কে একটি আধুনিক ও সমৃদ্ধ খাতের রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ঐক্য পরিষদ’: প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মোঃ শাহরিয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
বিপিএমইএ-কে একটি আধুনিক ও সমৃদ্ধ খাতের রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘ঐক্য পরিষদ’: প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মোঃ শাহরিয়ার

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএমইএ)-এর নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী (ব্যালট নং-০১) এবং আদজি ট্রিমস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহরিয়ার এই খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের প্যাকেজিং হাব হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বিপিএমইএ নির্বাচনের পরিচিতি সভায় সুধীবৃন্দ ও ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সভায় স্বাগত বক্তব্যে মোঃ শাহরিয়ার বলেন, “ব্যবসা থাকলে ব্যবসায়ী, আর ব্যবসায়ী থাকলে সংগঠন। সংগঠনের জন্য ব্যবসা নয়, ব্যবসার জন্যই সংগঠন।” তিনি বিগত মেয়াদের সাফল্য তুলে ধরে জানান, গত নির্বাচনের পূর্বে ঐক্য পরিষদের পক্ষে ঘোষিত ২১টি ইশতেহারের মধ্যে অত্যন্ত সফলতার সাথে ২০টি ইশতেহার আলোর মুখ দেখেছে ও বাস্তবায়িত হয়েছে।
দীর্ঘ ৩৭ বছরের একটি ঐতিহাসিক দাবির উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী ভাইদের সুবিধার কথা চিন্তা করে সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রামে বিপিএমইএ-এর নিজস্ব কার্যালয় ক্রয় সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়া বিটিএমএ, বিকেএমইএ, এফবিসিসিআই, এশিয়ান প্যাকেজিং ফেডারেশন ও ওয়ার্ল্ড প্যাকেজিং ফেডারেশনের মতো দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে নিবিড় সহযোগিতার মাধ্যমে এই খাতের ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারী সহ নানা বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ এবং প্যাকেজিং খাত শতভাগ স্বয়ংসম্পূর্ণ থেকে তৈরি পোশাক শিল্পের রপ্তানি ও শিপমেন্ট সচল রাখতে প্রধান ভূমিকা পালন করেছে।

বিপিএমইএ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্যানেল লিডার মোঃ শাহরিয়ার বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিদ্যমান সমস্যা সমাধান নয়; বরং নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি, প্রযুক্তিগত বিকাশ এবং বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।”*
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, সংগঠনের ২৭টি পদের মধ্যে ইতোমধ্যেই ২৬টি পদে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হয়েছে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য বিপিএমইএ নির্বাচনে সভাপতি পদে ‘ঐক্য পরিষদ’-এর অগ্রযাত্রা বজায় রাখতে এবং ব্যবসাবান্ধব বিপিএমইএ গঠনে ব্যালট নং-০১ এ ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকল সম্মানিত সদস্য ও ভোটারের প্রতি বিনীত আহ্বান জানান মোঃ শাহরিয়ার।

“উক্ত পরিচিতি সভায় বিপিএমইএ-এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিটিএমইএ-এর প্রেসিডেন্ট, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট এবং বিকেএমইএ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেলা কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন তৈরি পোশাক ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক সম্মানিত সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।”