ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ কাজের কারণে ফসলি মাঠে যাতায়াতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্থানীয় কৃষকেরা। এই অবস্থায় মহাসড়কের সরাইল (দক্ষিণ) কুট্টাপাড়া অংশে কৃষকদের নিরাপদ যাতায়াতের জন্য একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় কুট্টাপাড়া গ্রামের সর্বস্তরের কৃষকদের উদ্যোগে মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার। এছাড়াও স্থানীয় কৃষক ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. এমরান মিয়া, অহিউদ্দিন সরদার, বরি ঠাকুর, খোরশেদ মিয়া প্রমুখ। কর্মসূচিতে কুট্টাপাড়া গ্রামের কয়েকশত কৃষক পরিবারের সদস্যরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।বক্তাগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এই ব্যস্ততম সড়ক পারাপার হতে এলাকার প্রান্তিক কৃষকদের প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। মহাসড়কের দক্ষিণ পাশে কুট্টাপাড়া গ্রামের কৃষকদের প্রায় ২ হাজার বিঘারও অধিক উর্বর ফসলি জমি রয়েছে। নিজেদের একমাত্র জীবিকার তাগিদে প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত লাঙল-জোয়াল, গরু-মহিষ, বীজ ও সার নিয়ে কৃষকদের জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পার হতে হয়।কৃষকেরা জানান, মহাসড়কে যানবাহনের তীব্র গতির কারণে ইতিপূর্বে অনেক কৃষক ও গবাদিপশু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। বর্তমানে সড়কটি আরও প্রশস্ত হতে থাকায় কোনো সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়া পারাপার হওয়া অসম্ভব হয়ে পড়েছে। উৎপাদিত ফসল মাঠ থেকে ঘরে তোলা এবং গবাদিপশু চড়ানোর জন্য এখানে একটি আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।মানববন্ধন থেকে আশুগঞ্জ হতে আখাউড়া স্থলবন্দর চারলেনে উন্নীতকরণ কাজের প্রকল্প পরিচালক এবং ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট কৃষকদের এই জীবন-মরণের সংকটের কথা বিবেচনা করে দ্রুত কুট্টাপাড়া এলাকায় একটি আধুনিক আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানানো হয়। অন্যথায় সাধারণ কৃষকদের জীবন ও জীবিকা রক্ষার্থে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।