• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান কৃষিমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান কৃষিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, দেশের মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান ।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠন করেছে বিএনপি। তিনি বলেন, ইতিহাসে কোনো সরকারই জনগণের ওপর চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসক ও সরকারেরও বিদায় হয়েছে। তাই গণতন্ত্রের মূল শক্তি জনগণ এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।

মন্ত্রী বলেন, “দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাই সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশ্বাস করেন। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করতে সরকার প্রস্তুত। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় এ দেশের মানুষের কৃষি খাতের উন্নয়ন। সরকার কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগগুলো একের পর এক বাস্তবায়ন করছে।

মন্ত্রী বলেন, এমন একটা সময় ছিল যখন কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করবো। একইভাবে ভবিষ্যতে আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব-সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930