আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ইমিরেটাস সায়েন্টিস্ট মরহুম ড. কাজী এম. বদরুদ্দোজার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়। বিএআরসি এবং বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (BAAG)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর উপস্থিত সমবেত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন ড. আবদুল হালিম।
অনুষ্ঠানের মূল পর্বে দেশের এই বরেণ্য কৃষিবিদের বর্ণাঢ্য কর্মজীবন, কৃষিখাতে অনন্য অবদান ও যুগান্তকারী অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন ড. এম. এ. মজিদ। পাশাপাশি ‘জীবন সায়াহ্নে ড. বদরুদ্দোজা’ শীর্ষক আবেগঘন স্মৃতিচারণ করেন জনাব ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের মুক্ত স্মৃতিচারণ পর্বে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের স্মৃতি ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এতে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ মাসুম, জনাব মো: তারিক হাসান, ড. আলী আকবর, ড. মো: শহীদুল ইসলাম, ড. মো: আফজাল হোসাইন এবং ড. ফেরদৌসি ইসলাম আইভি। এছাড়া উপস্থিত অতিথিদের মধ্য থেকেও অনেকে তাঁদের শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিমালা ব্যক্ত করেন।
স্মরণসভায় ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি-এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মো: আবদুছ ছালাম, যিনি মরহুমের অবদান স্মরণে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি ও BAAG-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. লুৎফুর রহমান তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।