নরসিংদী শহরের লাইসেন্সকৃত একটি দেশীয় মদ বিক্রয়কেন্দ্রের কর্মচারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার (৬০)-কে গ্রেফতার করেছে জেলা পুলিশ, নরসিংদী ।
ঘটনার বিস্তারিত:
গত ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে নরসিংদী মডেল থানাধীন লাইব্রেরি পট্টি এলাকার একটি লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানে কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)-এর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
পরবর্তীতে ভুক্তভোগীর মা মিনু বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর সরকার, তার ছেলে জাহিদ সরকারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।
পুলিশের অভিযান ও সাফল্য:
মামলা দায়েরের পর নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম যৌথ অভিযান শুরু করে।
২২ সেপ্টেম্বর: সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহযোগী কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (২৬)-কে গ্রেফতার করা হয়।
২৪ সেপ্টেম্বর: পিয়াসের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় নরসিংদী সদর এলাকা থেকে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার (৬০)-কে গ্রেফতার করা হয়।
ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।