লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে থ্রিটেকের স্টলে বায়ার-ক্রেতাদের ব্যাপক সাড়া
লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে থ্রিটেকের স্টলে বায়ার-ক্রেতাদের ব্যাপক সাড়া
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬-এ ব্যাপক সাড়া পেয়েছে হাজারীবাগের চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিটেক (Threetech)। মেলায় প্রতিষ্ঠানটির স্টলে দেশি-বিদেশি বায়ার, প্রাতিষ্ঠানিক ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।
মেলায় থ্রিটেকের বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্যের এক্সক্লুসিভ কালেকশন প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আসল চামড়ায় তৈরি কাস্টমাইজড জ্যাকেট, ব্যাগ, মানিব্যাগ, ওয়ালেটসহ বিভিন্ন পণ্য। মেলা উপলক্ষে এসব পণ্যে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
থ্রিটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসিম আলম শাহীন (স্বাধীন) বলেন, প্রায় ২০ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চামড়াজাত পণ্য তৈরি করে আসছে। লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর মতো আয়োজনকে বায়ার ও প্রাতিষ্ঠানিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মেলার মাধ্যমে প্রতি বছরই নতুন নতুন বায়ারের সঙ্গে যোগাযোগ তৈরি হয় এবং পরবর্তী সময়ে তাদের সঙ্গে নিয়মিত কাজের সুযোগ সৃষ্টি হয়।
থ্রিটেকের স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের লেদার জ্যাকেট, ব্যাগ, মানিব্যাগ ও ওয়ালেট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মেলা উপলক্ষে শোরুম মূল্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। উচ্চমানের লেদার জ্যাকেট পাওয়া যাচ্ছে প্রায় ৪ হাজার ৫০০ টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত।
দীর্ঘদিন ধরে থ্রিটেক বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থার জন্য চামড়াজাত পণ্য সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাটা ও বে-এর মতো ব্র্যান্ডের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী, বিশ্বব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্যও তারা পণ্য প্রস্তুত করেছে।
এ সময় দেশীয় লেদার ও ফুটওয়্যার শিল্পের বিকাশে স্থানীয় উৎপাদকদের সুরক্ষা এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাসিম আলম শাহীন। বিদেশি, বিশেষ করে চীনা চামড়াজাত পণ্যের আমদানি কমিয়ে দেশীয় শিল্পকে আরও সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তার মতে, দেশীয় উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানো, মানসম্মত পণ্য তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের লেদার ও ফুটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
তিন দিনব্যাপী লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় চামড়া, ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, কাঁচামাল, মেশিনারিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়ী, বায়ার ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।