চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চসিক স্কুল হেলথ প্রোগ্রামের আওতায় পূর্ব মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দেশের প্রথম স্কুল হেলথ কার্ড কার্যক্রম চালু করেন। তাঁর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, ডা. রফিকুল ইসলাম এবং চসিক স্কুল হেলথ কার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক। স্বাস্থ্য ক্যাম্পে চসিক ও সহায়ক প্রতিষ্ঠানের সম্মানিত চিকিৎসকবৃন্দ দায়িত্ব পালন করেন।
ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
চসিকের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।