• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৩-০৯-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৩-০৯-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়

অভিযান ০১:
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সেবাপ্রার্থীদের বক্তব্য গ্রহণ করে। ছদ্মবেশে অবস্থানকালে দালালদের ব্যাপক দৌরাত্ম্য লক্ষ্য করা হয়। এ সময় দুইজন দালালকে হাতেনাতে ধরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত মেডিকেল কর্তৃপক্ষের নিকট সোপর্দ করা হয়। এছাড়া বকশিশ না পাওয়ার কারণে একজন পরিচ্ছন্নতাকর্মী কর্তৃক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২:
১নং ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার -এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন না করে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম সরেজমিনে একজন নিরপেক্ষ উপসহকারী প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগে উল্লিখিত প্রকল্পসমূহ পরিমাপ করে। পরিমাপ প্রতিবেদন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের আলোকে টিম কমিশন বরাবর বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৩:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় এলজিইডি’র সড়ক ও সেতুর তিন প্রকল্পে ৩৪৩ কোটি টাকার কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করা হয়। প্রাথমিক পর্যালোচনায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা ইউনিয়নের মাদ্রাসা হাট-চিংগুড়িয়া-কলোনি বাজার সড়কে ৩০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ না করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।