দেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শিল্পকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং মানসম্মত উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন PIMAC-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) Eng. Anm Liyakat Ullah।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬’-এ তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (BAPA) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ আয়োজনে ১০ থেকে ১২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) মেলা প্রাঙ্গণে PIMAC-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Eng. Anm Liyakat Ullah-এর সঙ্গে কথা হলে তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের বর্তমান পরিস্থিতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিল্পের সম্ভাবনা এবং আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব নিয়ে কথা বলেন।
Eng. Anm Liyakat Ullah বলেন, “আমরা মূলত খাদ্যশিল্পের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং মেশিনারিজের সামগ্রিক সমাধান নিয়ে কাজ করি। এবারের বাপা ফুডপ্রো এক্সপোতে প্রায় ২০০ বর্গমিটার জায়গাজুড়ে আমাদের সবচেয়ে বড় স্টল ছিল।”
তিনি বলেন, “প্রদর্শনীতে ফ্রান্স, ইতালি ও ভারতসহ বিভিন্ন দেশের সরবরাহকারীদের সরাসরি উপস্থিতি ছিল। এর মাধ্যমে গ্রাহকদের চাহিদা ও সমস্যাগুলো বুঝে প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
প্রদর্শনীতে PIMAC ভারতের ‘Off Beat’ ব্র্যান্ডের একটি উচ্চগতির ভার্টিক্যাল প্যাকেজিং মেশিন প্রদর্শন করে। মেশিনটি নির্ভুলভাবে ওজন নির্ধারণের পাশাপাশি দ্রুতগতিতে প্যাকেজিং করার সক্ষমতা রাখে বলে জানান তিনি।
দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান PIMAC-এর নিয়মিত গ্রাহক উল্লেখ করে তিনি বলেন, “প্রাণ, সিটি, টিকে, বসুন্ধরা, আকিজ ও আবুল খায়েরসহ দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আমাদের নিয়মিত ক্লায়েন্ট। এবারের মেলার দিনগুলোতে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের স্টল পরিদর্শন করেছেন।”
তিনি আরও বলেন, দেশের খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল, উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং মানসম্মত উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এ খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, স্বয়ংক্রিয় ব্যবস্থা, মান যাচাই, শীতল সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও সমাধান প্রদর্শন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের ২০০টির বেশি ব্র্যান্ড অংশ নেয়।