রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে চলছে আন্তর্জাতিক ডেনিম এক্সপো ২০২৬। দেশী-বিদেশী তৈরি পোশাক খাতের ক্রেতা ও উৎপাদকদের এই মিলনমেলায় পোশাক শিল্পের আধুনিক ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করে নজর কেড়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড’।
এবারের প্রদর্শনীতে প্রথাগত ডেনিম পণ্যের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় আউটারওয়্যার ও সুইমিং ওয়্যারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। মেলা প্রাঙ্গণে স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের হেড অফ মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং মোহাম্মদ মেজবাউদ্দিন আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
তিনি জানান, বৈশ্বিক বাজারে চীন ও ভিয়েতনামের মতো শক্তিশালী প্রতিদ্বন্দীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের পোশাক খাত। বর্তমান বাজারে ক্রেতাদের মূল্যসংক্রান্ত প্রত্যাশা (Price Level) এবং ভবিষ্যতের অর্ডারের গতিপ্রকৃতি বুঝতে এই এক্সপো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
নতুন পণ্যের সংযোজন সম্পর্কে মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, “সাধারণ ডেনিম পোশাকের উৎপাদন এখন অনেকেই করছে। তবে বাংলাদেশে আউটারওয়্যার বা জ্যাকেট জাতীয় পণ্যের প্রতিদ্বন্দী বা উৎপাদক এখনো তুলনামূলক কম। তাই আমরা স্পেশালি আউটারওয়্যার জ্যাকেট এবং সুইমিং ওয়্যারকে আমাদের মূল ফোকাস হিসেবে নির্ধারণ করেছি। বর্তমানে আমরা প্যাডেড জ্যাকেট (Padded jacket), ফ্লিস জ্যাকেট (Fleece jacket) এবং সফটশেল (Softshell)-সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন আউটারওয়্যার প্রোডাক্ট লাইন নিয়ে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করছি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে আউটারওয়্যার খাতের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব হলে বৈশ্বিক বায়াররা চীন থেকে তাদের ক্রয়ের অর্ডার বাংলাদেশে ডাইভার্ট (স্থানান্তর) করতে আগ্রহী হবে। এর ফলে তৈরি পোশাক শিল্পে চীনের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে এবং আগামী দিনে স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবসায়িক পরিধি আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, ডেনিম এক্সপোতে স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের স্টলে আগত দেশী-বিদেশী বায়াররা প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা এবং সময়োপযোগী আধুনিক পোশাকের কালেকশন দেখে গভীর সন্তোষ প্রকাশ করছেন।