শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের যোগ্যতা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১১ জুন) পাহাড়তলীর সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের মেয়র, এমপি, মন্ত্রী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যারিস্টার, উদ্যোক্তা ও বিনিয়োগকারী তৈরি হবে। আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তোমাদের কাঁধেই এসে পড়বে। তাই এখন থেকেই নিজেকে যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, একজন মানুষ শুধু পেশাগত সাফল্য অর্জনের মাধ্যমে পূর্ণতা পায় না; বরং মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চাই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরি।”
সুস্বাস্থ্য ও মেধা বিকাশে সকালের নাস্তার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, নিয়মিত পুষ্টিকর নাস্তা গ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ শরীর ছাড়া ভালো শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়।
সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের প্রবীণদের কাছ থেকে শিক্ষা নিয়ে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানবজীবনের জন্যও অপরিহার্য। একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার উদ্যোগ নেওয়া।”
তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনেও নাগরিক সচেতনতার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য দেন সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস জাহানারা বেগম।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।