• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশ বিদেশের প্রতিনিধিদের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও নেটওয়ার্কিং ডিনার গতকাল (১২ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) যৌথভাবে এই নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, কমিশনের সদস্যবৃন্দ, বিশ্বব্যাংক ও হিট প্রকল্পের প্রতিনিধি, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকার, ইউজিসি ও হিট প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তা, নীতিনির্ধারক, গবেষক, এপিইউবি’র নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ তাঁর বক্তব্যে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের গুরুত্ব, আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনার ওপর আলোকপাত করেন।

এপিইউবি-এর সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ এ আয়োজনের জন্য ইউজিসি-কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়। এ পর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় নৃত্য, মাইশা শওকতের কণ্ঠে নজরুল সংগীত, জনপ্রিয় গায়ক আবিদ তালুকদারের আধুনিক গান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমানের বিশেষ সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

এছাড়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বাংলাদেশ হেরিটেজ’ শীর্ষক ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে কথা বলেন, যা দক্ষিণ এশীয় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা বিষয়ক আঞ্চলিক সম্মেলন ২০২৬ এর মূল উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে।