• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নিরাপদ পোলট্রি উৎপাদনের কৌশল নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬
নিরাপদ পোলট্রি উৎপাদনের কৌশল নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

দক্ষিণ এশিয়ায় নিরাপদ, টেকসই ও সহনশীল পোলট্রি উৎপাদন নিশ্চিত করতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির গুরুত্ব তুলে ধরে একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর আঞ্চলিক সংস্থা সার্ক কৃষি কেন্দ্র। সোমবার (৮ জুন ২০২৬) অনুষ্ঠিত `ওয়ান হেলথ পদ্ধতির আলোকে নিরাপদ পোলট্রি উৎপাদন’ শীর্ষক এ ওয়েবিনারে সার্ক অঞ্চলের গবেষক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি খাতের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ বলেন, নিরাপদ পোলট্রি উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তাই নয়, জনস্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করার মাধ্যমে ওয়ান হেলথ পদ্ধতি বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)-এর পোলট্রি গবেষণা অধিদপ্তর -এর পোলট্রি নিউট্রিশন বিভাগের প্রধান ড. শ্যাম সুন্দর পাল। তিনি উৎপাদনশীলতা বৃদ্ধি ও রোগঝুঁকি হ্রাসে উন্নত জৈবনিরাপত্তা ব্যবস্থা, সুষম পুষ্টি এবং দায়িত্বশীল খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সিঙ্গাপুর ফুড এজেন্সির ন্যাশনাল সেন্টার ফর ফুড সায়েন্সের সিনিয়র সায়েন্টিস্ট মিস জিয়াউ ই তান পোলট্রি খাতে খাদ্য নিরাপত্তা ও রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে ঝুঁকি কমাতে প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদ ও খামারিদের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী। অনুষ্ঠানটিতে সার্ক সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা যুক্ত হন, যা নিরাপদ ও টেকসই পোলট্রি উৎপাদন বিষয়ে আঞ্চলিক আগ্রহ ও সহযোগিতার প্রতিফলন ঘটায়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930