আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই: ড. এম সাখাওয়াত হোসেন
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই: ড. এম সাখাওয়াত হোসেন
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা ও সমতা রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “বর্তমান বিশ্বে অগ্রগতি সম্পূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য আমাদের এমন গ্রাজুয়েট প্রয়োজন যারা বিশ্বমানের দক্ষতাসম্পন্ন।”
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সিসিএন-ইউএসটি) দ্বিতীয় সমাবর্তন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদ্য গ্রাজুয়েটদের ভবিষ্যৎ পথচলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জীবনে দ্রুত সফলতা পাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক হলেও প্রকৃত এবং টেকসই সফলতা আসে ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে। গ্রাজুয়েটদের উচিত নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোকে শক্তিতে রূপান্তর করা। লক্ষ্য স্থির রেখে নিরলস পরিশ্রম করলে সাফল্যের দেখা মিলবেই।”
ড. এম সাখাওয়াত হোসেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময়ে যে আস্থা অর্জন করেছে, তা মূলত শিক্ষার্থীদের সাফল্যেরই প্রতিফলন। এই অর্জিত সম্মান ও আস্থার ধারা অব্যাহত রাখার দায়িত্ব এখন নতুন গ্রাজুয়েটদের কাঁধে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি।
ডিগ্রি ও পদক বিতরণ:
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে ২০২৩ থেকে ২০২৫ সময়কালের বিভিন্ন অনুষদের মোট ৩৫২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন মোসাম্মৎ মাহমুদা আক্তার এবং তানজিদা চৌধুরী প্রমি। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য ০২ জনকে বিওটি (BoT) অ্যাওয়ার্ড, ০৩ জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ০৭ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, উপাচার্য, উপ-উপাচার্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।