• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পলিথিন বিরোধী অভিযানে আহত পরিচালকের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
পলিথিন বিরোধী অভিযানে আহত পরিচালকের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় পরিবেশ উপদেষ্টা

পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক(মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহাঃ শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে আজ মঙ্গলবার তার বাসায় যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের তার চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপননের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এর আগে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে “ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা” বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

সভায় তিনি জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে বন, নদী, হাওর ও সমুদ্রসৈকতের জন্য পৃথক ইকোট্যুরিজম গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930