• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত।

শরতের সাদা মেঘের আড়ালে সূর্যের নরম আলো ঠিকরে পড়েছে দামপাড়া পুলিশ লাইন্স জুড়ে। সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর পুরো মাল্টিপারপাস শেড; যেন একঝাঁক রঙিন প্রজাতির দল। কেউ পাশের জনের সঙ্গে পরিচিত হচ্ছে, কেউবা ব্যস্ত কুশল বিনিময়ে। মুঠোফোনের ক্যামেরায় নবীনবরণের স্মৃতিটা ধরে রাখছে কেউ কেউ।

এর মধ্যেই ঘোষণা আসে অনুষ্ঠান শুরুর। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত, এরপর ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—এমনই আবহে আজ ০৭/১০/২০২৪ খ্রি. দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব হাসিব আজিজ মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা আহরণের উপরে জোর দেন; দেশকে ভালোবেসে এগিয়ে যাওয়ায় প্রত্যয়ী হতে বলেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া; বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আ স ম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি); এডিসি (সদর) ও প্রতিষ্ঠানটির পরিচালক জনাব পংকজ দত্ত, পিপিএম (পুলিশ সুপার) মহোদয়সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীগণ ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।