• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে: সুরসপ্তকের বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৬
সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে: সুরসপ্তকের বর্ষবরণ অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী


সুস্থ সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতি দূর করতে হবে। বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। এই অবস্থায় কারো নিশ্চিন্ত হয়ে থাকার সুযোগ নেই; কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।

আজ শনিবার (০২ মে, ২০২৬) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, কেউ অস্ত্র দিয়ে আঘাত করলে তাকে প্রতিহত করতে পাল্টা অস্ত্র লাগে। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী এই সংস্কৃতি চর্চাকে আরও জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করব।
তিনি আসন্ন ৮ই মে কুষ্টিয়ার শিলাইদহসহ দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী এবং ২৫শে মে ময়মনসিংহের ত্রিশালসহ সারা দেশে নজরুল জয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে পালনের ঘোষণা দেন।
সুরসপ্তকের প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম.পি. কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ই মোহামেদ, ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এসএমসি-র ব্যবস্থাপনা পরিচালক জনাব তছলিম উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো: সাজ্জাদ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফেরদৌস আরা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুরসপ্তক শুদ্ধ ও সুস্থ সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে আমাদের শিকড়ের গান ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।
​সাংস্কৃতিক পর্বে ফেরদৌস আরার একক পরিবেশনা ছাড়াও দেশের বরেণ্য শিল্পী আবিদা সুলতানা, খুরশিদ আলম, রফিকুল আলম, অনিমা রায়, কোনাল ও ঝিলিক সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সুরসপ্তকের শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত জাতীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের ফিউশন দর্শকদের মুগ্ধ করে। নৃত্য পরিবেশন করেন ‘প্রজন্ম এ সেন্টার ফর পারফর্মিং আর্টস’-এর শিল্পীবৃন্দ। পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং সৌজন্যে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) ও সোশ্যাল মার্কেটিং কোম্পানি (SMC)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930