নড়াইলের লোহাগড়া উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী বালা নামে (৫৫) এক নারীকে সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে চর-দৌলতপুর গ্রামের মালো পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সবিতা রানী বালা চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। ৮৫নং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন তিনি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রাণী বালা স্কুল শিক্ষক থাকার কারণে তিনি গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা করে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন। রোববার (২০ অক্টোবর) রাতে দৈনন্দিন কাজ শেষে প্রতিদিনের মতো রাতে ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই স্কুল শিক্ষিকা। তার স্বামী বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে পরিতোষ মণ্ডল টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির পাশ থেকে ঘরের দরজার ছিটকিনি লাগানো দেখেন পরে তিনি সবিতা রাণিকে ফোন দিলে তার ফোন বন্ধ পায়।
পরে প্রতিবেশী ভাই সন্তোষ মণ্ডল কে ফোন করলে তার ঘরের ছিটকিনি ও বাহির থেকে বন্ধ পেয়ে পেছন দরজা দিয়ে বের হন। পরে সবাই মিলে সবিতা রাণীর ঘরে গিয়ে তার হাত পা বাঁধা মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ওই নারী তাদের চিনে ফেলায় তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় ঘরের আসবাবপত্র এলোমেলো করে সবিতা রাণী বালার ব্যবহৃত ল্যাপটপ হাতে ও গলায় ও কানে পরিহিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সবিতা বালার মুখের মধ্যে কাপড় ঢুকানো দেখতে পায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।সোমবার (২১ অক্টোবর) ভোরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
শিক্ষিকা সবিতা বালা রানীকে হত্যার ঘটনায় শিক্ষক সমাজের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর শোনার পর বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা তার বাড়িতে ভিড় করছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সোমবার সকালে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।শিক্ষিকা সবিতা রানীর মরদেহ উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।