• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার টাঙানোর ঘটনায় উত্তেজনা; তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২৬
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার টাঙানোর ঘটনায় উত্তেজনা; তদন্তে পুলিশ

রাজশাহীর কুমারপাড়া এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে রাতের আঁধারে কে বা কারা ওই ব্যানারটি টাঙালে দুপুরে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে ব্যানারটি ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামসুজ্জামান আওয়াল গোপনে নগরীতে অবস্থান করছেন এবং পুনরায় দলীয় কার্যক্রম শুরুর পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। এরই অংশ হিসেবে রাতের আঁধারে ওই ব্যানার টাঙানো হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, “যারা গত ১৬ বছর ধরে হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। রাতের আঁধারে কারা এই ব্যানার টাঙিয়েছে তা শনাক্ত করতে আমরা স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং পর্যালোচনার কাজ চলছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো প্রকার অসাংবিধানিক তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930