মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাসা সি-২৯৫ডব্লিউ বিমানের মাধ্যমে মানবিক সহায়তা প্রেরণ
মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাসা সি-২৯৫ডব্লিউ বিমানের মাধ্যমে মানবিক সহায়তা প্রেরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫
গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্তের ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনীর নির্দেশনায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও বাংলাদেশ সেনাবাহিনীর কাসা সি-২৯৫ডব্লিউ বিমান মিয়ানমারে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানের নিমিত্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১১জন ক্রুয়ের দুটি দল প্রয়োজনীয় সংখ্যক ত্রাণ সামগ্রী নিয়ে ৩০ মার্চ ২০২৫ তারিখে একটি সি-১৩০জে পরিবহন বিমান এবং একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান ইয়াঙ্গুন, মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে।
উল্লেখ্য যে, বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার এর এয়ার মুভমেন্টে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার এর ডিফেন্স অ্যাটাশে সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।